ফাইনালে সেরেনার প্রতিপক্ষ হালেপ

 
সিনসিনাটি মাস্টার্স টেনিসে মহিলা বিভাগের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। সেখানে তার জন্য অপেক্ষা করছেন তৃতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ। সরাসরি সেটে সেমিফাইনালের ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেন সেরেনা ও হালেপ।
 
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের প্রস্তুতি হিসেবেই রজার্স কাপে খেলতে নেমেছিলেন সেরেনা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে হওয়া ঐ টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নেন তিনি। তবে ইউএস ওপেনের আগে নিজের ভুলগুলো শুধরানোর আরো একটি সুযোগ পেলেন সেরেনা। আর তা’হলো— সিনসিনাটি টুর্নামেন্ট। সেখানে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিচ্ছেন সেরেনা। শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা।
 
টুর্নামেন্টের শুরু থেকে দারুণ খেলতে থাকা সেরেনা সেমিফাইনালেও দেখিয়েছেন সেরা নৈপুণ্য। শেষ চারে সেরেনার প্রতিপক্ষ ছিলেন ১৪তম বাছাই ইউক্রেনের এলিনা সিতোলিনা। শক্তির বিচারে সেরেনার চেয়ে বেশ পিছিয়ে ছিলেন সিতোলিনা। ম্যাচেও সেই প্রমাণ পাওয়া গেল।
 

প্রথম সেট ৬-৪ গেমে জয়ের পর দ্বিতীয়টি ৬-৩ স্কোর রেখে ফাইনাল নিশ্চিত করেন সেরেনা। শেষ চারের ম্যাচ জিতেও মন খারাপ সেরেনার, ‘আমি এখনো কনুই সমস্যায় ভুগছি। তাই সার্ভটা ভালোভাবে করতে পারছি না। এ ম্যাচেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে। আশা করছি দ্রুত কনুই সমস্যা থেকে মুক্তি পাবো।’