নড়াইলে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের পল্লীতে প্রতিপক্ষের গুলিতে ইলিয়াছ মীর (৫৭) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫জন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ১০রাউন্ড গুলি বর্ষণ করেছে। রবিবার  বিকাল সাড়ে ৫টায় কুমড়ি গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ মীর কুমড়ি গ্রামের মৃত সাহেব আলী মীরের ছেলে ও বনি শেখ গ্রুপের সমর্থক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে।
 
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, দিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুমড়ি গ্রামের লতিফুর রহমান পলাশ গ্রুপের সঙ্গে একই গ্রামের বনি শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওই দিন সংঘর্ষে  লিপ্ত হয়। প্রায় এক ঘন্টাব্যাপী  সংঘর্ষে সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের লাইসেন্সকৃত শর্ট গানের গুলিতে ইলিয়াস মীর (৫৭) নিহত হয়। 
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  পুলিশ ১০রাউন্ড গুলি ফাঁকা বর্ষণ করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে লোহাগড়া থানার নিয়ে এসেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।