২৪ ঘণ্টা নিরাপত্তার আওতায় মালালা

 
ব্রিটেনে পাকিস্তানি নোবেলজয়ী কিশোরী মালালা ইউসুফজাইর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন থেকে ২৪ ঘণ্টা দুই জন সশস্ত্র নিরাপত্তারক্ষী তার সাথে থাকবেন। মালালার 'নিরাপত্তা হুমকির মুখে' গোয়েন্দাদের এমন শঙ্কার পর এই ব্যবস্থা নিলো যুক্তরাজ্য সরকার।
 
দেশটির দৈনিক দ্য সানের রিপোর্ট, মালালার নিরাপত্তাঝুঁকি ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থাগুলো। এখন থেকে দিনের ২৪ ঘণ্টাই সশস্ত্র নিরাপত্তারক্ষীরা তার সাথে থাকবেন।
 
একটি সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, ২০১১ সালে মালালার ওপর হত্যাচেষ্টার পর থেকে ক্রমাগত নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন মালালা। তবে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে তার নিরাপত্তা ঝুঁকি অনেক বেড়েছে। মালালাকে দেশটির মন্ত্রীদের সমপর্যায়ের নিরাপত্তা দেয়া হয়।
 
গত বৃহস্পতিবার মালালার ও লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এই পদক্ষেপ নিলো যুক্তরাজ্য কর্তৃপক্ষ। জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন বা জিসিএসইতে মালালা ছয়টি বিষয়ে ‘এ*’ গ্রেড পেয়েছেন, যা কারও পক্ষে সম্ভাব্য সর্বোচ্চ সাফল্য। তিনি বাকি চারটি বিষয়ে ‘এ’ গ্রেড পেয়েছেন। নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা এখন ব্রিটেনের বার্মিংহামের একটি বিদ্যালয়ের ছাত্রী।
 
তিনি ‘এ*’ পেয়েছেন জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, ধর্মশিক্ষা ও গণিতের দুটি পত্রে। সূত্র: পিটিআই