পাবনার চাটমোহরে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদীর গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধি মানিক হোসেন (৩০) কে মারপিট করে অস্ত্রাঘাতে আহত করে। এ সময় ৩ছিনতাইকারী নগদ আড়াই লাখ টাকাসহ সাড়ে ৩ লাখ টাকার মালামাল ছিনতাই করেছে।
আহত বিক্রয় প্রতিনিধিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মানিক হোসেন ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের আব্দুল হক নান্নুর ছেলে।
পুলিশ জানায়, মানিক ছাইকোলায় গ্রামীণ ফোনের ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টদের সঙ্গে লেনদেন সেরে মোটর সাইকেল যোগে চাটমোহরে ফিরছিল। পথিমধ্যে চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়ালমারী কবরস্থানের পাশে মোটর সাইকেল আরোহী ৩জন ছিনতাইকারী তার পথরোধ করে। পিস্তল ঠেকিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা মানিকের পিঠে ক্ষুরের আঘাত করে মারপিট করে। নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে ছাইকোলার দিকে চলে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, 'ছিনতাইয়ের ঘটনা জানার পর পরই ঘটনাস্থলে যাই। ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।'