প্রধানমন্ত্রীকে গভর্নিং বডির চেয়ারপারসন রাখার প্রস্তাব করে ‘সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিল, ২০১৫’- এর ওপর প্রতিবেদন চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদের আসন্ন সপ্তম অধিবেশনেই প্রতিবেদনটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিলটি উত্থাপনের দিন দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বিলটি সংসদীয় কমিটিতে পাঠানো হয়। পরে সংসদের কাছ থেকে সময় বাড়িয়ে নেয় কমিটি। বিলটি পরীক্ষা করতে একটি উপকমিটিও গঠন করে সংসদীয় কমিটি। দক্ষিণ কোরিয়া, ভারত, ব্রিটেন ও ফিলিপাইনের এ সংক্রান্ত আইন পর্যালোচনা করতে এসব দেশ সফর করে উপকমিটি।
রবিবার বৈঠক শেষে কমিটি সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘বিলটিতে কিছু আমূল পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীকে এখানে বোর্ড অব গভর্নরস-এর চেয়ারপারসন করার প্রস্তাব রাখা হয়েছে।’
আমলাতান্ত্রিক জটিলতা কমাতেই এটি করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিধান রাখার প্রস্তাবও রাখা হয়েছে। কমিটি উপদেষ্টা পরিষদের জায়গায় বোর্ড অব গভর্নরসের বিধান রাখার সুপারিশ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করতে বিলটি আনা হয়েছে।’
সুরঞ্জিত বলেন, ‘বেসরকারি বিনিয়োগকারীরা যাতে তাদের অর্থের নিশ্চয়তা পান-সেই লক্ষ্যে এসব বিধান প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। দেশিয় ও আন্তর্জাতিক বিনোয়োগকারীদের বিষয়টি চিন্তা করেই আমরা প্রতিবেদন চূড়ান্ত করেছি।’
তিনি বলেন, ‘বিলটি পাস হলে যে কেউ কোনো প্রজেক্টে বিনিয়োগ করতে পারবেন। আবার সময় মতো মুনাফাও তুলে নিতে পারবেন। একই সঙ্গে প্রয়োজনে বিনিয়োগ করা অর্থও তুলে নেয়া যাবে।’
তার মতে—কমিটির পর্যালোচনার পর বিলটি ‘আধুনিক’, ‘টেকসই’ ও ‘বিশ্বমানের’ হয়েছে।
সুরঞ্চিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য—আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন, শামসুল হক টুকু, তালুকদার মো. ইউনুস, জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম অংশ নেন।
বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।