কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে হত্যা মামলা

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামের খুনের ঘটনায় কালিয়াকৈরে রবিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আধাবেলা শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। নিহতের বড় ভাই মামুন সিরাজুল মজিদ ওরফে মোতালেব হোসেন বাদী হয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহেল, হোসেন ও আব্দুর রহমান নামে তিন জনকে আটক করেছে পুলিশ।

 
থানা সূত্রে জানা গেছে, মামলার এজাহারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, শ্রমিক লীগের সভাপতি মফিজুর রহমান লিটন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ রিয়াদ, সাধারণ সম্পাদক মো. খাত্তাব মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  স্বপন সরকার, প্রজন্ম লীগের সভাপতি সাইফুল, বিআরডিবির চেয়ারম্যান সরকার মোশারফ হোসেন জয়সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
 
মামলার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। খুনিদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
 

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গত ২১ আগস্ট পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা চলাকালে সমাবেশস্থলের অদূরে রফিকুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে এক দল সন্ত্রাসী।  এর প্রতিবাদে হরতাল চলাকালে গতকাল উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ছিল। টার্মিনাল থেকে কোনো যানবাহন চলাচল করেনি। আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বাসস্টেশন এলাকায় উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিল করে। হরতাল শেষে বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।