প্রিমিয়ার লিগের শিরোপাধারী হোসে মরিনহোর চেলসি প্রথম দুই সপ্তাহ ছিলো জয়বিহীন। বার্সেলোনা থেকে মাত্রই যোগ দেওয়া পেদ্রো রদ্রিগেজের কল্যাণে তৃতীয় ম্যাচে এসে ওয়েস্টব্রম উইচ আলবিওনকে ৩-২ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি।
চেলসির প্রিমিয়ার লিগের সূচনাটা ছিলো দুঃস্বপ্নের মতো। প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করার পরের ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে ৩-০ গোলে হেরে আসে। গত বৃহস্পতিবারে আনুষ্ঠানিক ভাবে বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দেওয়া পেদ্রো রদ্রিগেজই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের মৌসুমের প্রথম জয় এনে দিয়েছেন। চেলসির হয়ে অভিষেক হওয়ার ২০ মিনিটে প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে নেন পেদ্রো। মিনিট দশেকের মধ্যে দিয়েগো কস্তার করা চেলসির দ্বিতীয় গোলেরও উৎস ছিলেন তিনিই। সেজার আজপিলিকুয়েতা ৪২ মিনিটে চেলসির তৃতীয় গোলটি করেন।
এর আগে অবশ্য ওয়েস্টব্রমের জেমস মরিসন একটি গোল শোধ করে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করে ম্যাচ প্রায় জমিয়ে ফেলেছিলেন এই স্ট্রাইকার। এ সময় সলোমন রন্ডনকে ফাউল করে লাল কার্ড দেখেন চেলসির জন টেরি। কিন্তু তারপরেও দশজনের চেলসি শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে।