সাতক্ষীরার কালিগঞ্জের চিংড়িখালিতে দখল পাল্টা দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন ভূমিহীন আহত হয়েছেন।
নিহতরা হলেন- আশরাফ মীর (৫৬) ও ইসহাক পাড় (৫৫)। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান ও তিনটি তাজা বোমা।
সোমবার সকালে কালিগঞ্জ উপজেলার চিংড়িখালি ভূমিহীন পল্লিতে এই ঘটনা ঘটে। নিহত আশরাফ মীরের বাড়ি কালিগঞ্জের কাশিবাটি গ্রামে ও ইসহাক পাড়ের বাড়ি একই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। এদিকে ঘটনাস্থল থেকে পাচজনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল জানান, ২০০৪ সাল থেকে কালিগঞ্জের বৈরাগিরচক-চিংড়িখালি ভূমিহীন পল্লিতে (৯০০ বিঘা সরকারি খাস জমিতে) ৪৪৬ ভূমিহীন পরিবার বসবাস করে আসছেন।
সোমবার ভোরে কালিগঞ্জের কাজলা কাশিবাটি গ্রামের আশরাফ মীরের নেতৃত্বে ৫০/৬০ জন অস্ত্রধারী সন্ত্রাসী ভূমিহীনদের বাড়িঘর থেকে উচ্ছেদের লক্ষ্যে হামলা চালায়। এতে বাধা দিতে গিয়ে তাদের বোমায় আহত হন ভূমিহীন ফিরোজ, গফুর ও মনিসহ বেশ কয়েকজন।
হামলাকারীরা সেখানে কমপক্ষে ৪০ টি বোমার বিস্ফোরণ ঘটায়। তারা গুলিও ছোড়ে। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
এই সময় স্থানীয় ভূমিহীন নেতা করিম পাড় ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেনসহ তাদের দলবল সংঘবদ্ধ হয়ে আশরাফ মীর, ইসহাক আলী ও আবুবকরকে ধরে বেধড়ক মারপিঠ করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আশরাফ মীর ও ইসহাক পাড় মারা যান।
কালিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আশরাফ মীর গ্রুপ ও করিম পাড় গ্রুপের মধ্যে বিরোধ ছিল। দখল পাল্টা দখল নিয়ে সংঘর্ষ হয়। এতে আশরাফ মীর ও ইসহাক পাড়কে মারাত্মক আহত অবস্থায় ভর্তি করা হলে তারা হাসপাতালে মারা যান। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।