তিউনিসিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে সীমান্তরক্ষী নিহত


তিউনিসিয়ায় জিহাদিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সীমান্তরক্ষী নিহত হয়েছে। রবিবার দেশটির আলজেরীয় সীমান্তে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও ইউনিয়ন অব বর্ডার গার্ডস-এর প্রেসিডেন্ট একথা জানিয়েছে।

ওয়াতানিয়া-১ টেলিভিশনের খবরে বলা হয়, ‘বুচেবকায় সন্ত্রাসী সংগঠনের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সীমান্তরক্ষী নিহত ও অপর তিন জন আহত হয়েছে।’

ইউনিয়নের প্রেসিডেন্ট রিদা এন্নাসরি বার্তা সংস্থা এএফপি’কে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসী হামলায় এক সীমান্তরক্ষী নিহত ও অপর একজন আহত হয়েছে।’

তিউনিসিয়ার উপকূলীয় পর্যটন কেন্দ্র সোউসেতে দুই দুষ্কৃতকারীর হামলায় এক পুলিশ নিহত হওয়ার দুই দিন পর সর্বশেষ এ ঘটনাটি ঘটল। হামলাকারীরা মোটরসাইকেলে এসে ওই হামলা চালিয়ে পালিয়ে যায়। জিহাদিরা ওই হামলা চালিয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

-বিবিসি