শ্রীপুরে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে কারখানার দেয়াল ধসে পড়ে নাসির আহমেদ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার মাওনা পাথারপাড় এলাকার ‘ক্রাউন উল ওয়্যার লিমিটেডে’ নামের একটি কারখানায় এই ঘটনা ঘটে।

নিহত নাসির উপজেলার পূর্ব আক্তাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে। তিনি ঐ কারখানার ডায়িং সেকশনের কেমিক্যাল ডিস্ট্রিবিউটর ছিলেন বলে কর্তৃপক্ষ ‍জানিয়েছে।

শ্রীপুর থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, সকাল ৭টার দিকে নাসির ওই কারখানার ডায়িং সেকশনে লবণ আনতে গেলে হঠাৎ পাশের পার্টিশন ওয়ালটি তার উপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই নাসির আহম্মেদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার জানালা-দরজার কাচ ও প্রধান ফটকে ভাংচুর করে। পরে থানা পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার জিএম মো. খোরশেদ আলম জানান, পরিস্থিতি সামাল দিতে কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।