তিন খান নিয়ে ছবি বানানো সমস্যা নয়: শাহরুখ

 
সাজিদ নাদিওয়ালার পরিচালনায় বলিউডের তিন খান (সালমান খান, শাহরুখ খান ও আমির খান) একই ছবিতে কাজ করছেন এমন গুজব ছড়ানোর পর তা নাকোচ করে দিয়েছিলেন খোদ শাহরুখ। তবে এবার শাহরুখ বলেছেন, তিন খানকে নিয়ে ছবি বানানো সেরকম সমস্যা নয়। 
 
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে শাহরুখ বলেছেন, আমরা ( তিন খান) ছবি করার ক্ষেত্রে সেরকম ছবিই পছন্দ করব যেখানে আমাদের সবাইকে সমান মূল্যায়ন করা হবে। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোস্টবাস্টারস’ ছবিতে তিনজন নায়ককেই সমান চরিত্রে উপস্থাপন করা হয়েছে। আমার সেরকম কিছুইকে পছন্দ করব।
 
তিন খানকে নিয়ে ছবি বানানোর গুজবের উত্তরে সালমান খান বলেছিলেন, একজনকে নিয়ে ছবি বানাতেই প্রযোজকদের হিমশিম খেতে হচ্ছে। তিন খানকে নিয়ে ছবি বানানোর সামর্থ্য বলিউডের কারো নেই। তবে এই বিষয়ে শাহরুখ খান বলেছেন, এক্ষেত্রে ছবিটি আমরা সহ-প্রযোজনা করতে পারি। তবে কাউকে এমন কোনো চিত্রনাট্য লিখতে হবে যা আমাদের পছন্দ হবে।
 
তিনখানকে নিয়ে সুদূর ভবিষ্যতে ছবি হলেও হতে পারে। তবে আপাতত যে হচ্ছে না এটি নিশ্চিত করে বলা যায়। বর্তমানে শাহরুখ ‘দিলওয়ালে’, ‘রাইস’ ও ‘ফ্যান’ ছবিতে কাজ করছেন। এছাড়া গৌরি সিন্দের ছবিতেও কাজ করবেন তিনি। অন্যদিকে, আমির ব্যস্ত আছেন ‘দঙ্গল’ ছবির কাজ নিয়ে। তিনি একসঙ্গে একের অধিক ছবিতে কাজ করেন না। আর সালমান খান শিগগিরই ‘সুলতান’ ছবিতে কাজ শুরু করবেন। খবর: এনডিটিভি।