ফখরুলের জামিন বিষয়ে শুনানি ৩১ আগস্ট

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ বাড়ানোর জন্য করা আবেদনের শুনানির তারিখ ৩১ আগস্ট নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
 
সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নুল আবেদিন চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি করেন। 
 
চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আবেদনগুলোর শুনানির তারিখ ৩১ আগস্ট ধার্য করেছেন।
 
জানা গেছে, মির্জা ফখরুলের বিরুদ্ধে নাশকতার তিনটি মামলায় ছয় সপ্তাহের জামিন দিয়েছিল আপিল বিভাগ। কিন্তু তিনি এখনো দেশের বাইরে চিকিৎসাধীন। তাই তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। 
 
গত ১৩ জুলাই নাশকতার তিন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। এরপর উন্নত চিকিৎসার বিদেশে যান মির্জা ফখরুল।