বঙ্গোপসাগরে ট্রলারসহ ২০জেলে অপহরণ

বঙ্গোপসাগরে মাছ ধরারত ফিশিং ট্রলারে দু’দফা হানা দিয়ে বাগেরহাটের শরণখোলার একটি ট্রলার ও অন্তত ২০জেলেকে অপহরণ করেছে বনদস্যু ভাই ভাই বাহিনী। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তান্ডব চালিয়ে জেলেদের আহরিত মাছ, জ্বালানি তেল ও অন্যান্য মালামাল লুট করে দস্যুরা। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী ও পক্কীর চর সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটেছে। প্রত্যেক জেলের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা করে দাবি করা হয়েছে বলে জানা গেছে। রোববার রাত থেকেই কোস্টগার্ড পশ্চিম ও দক্ষিণ জোনের তিনটি দল অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনে অভিযান শুরু করেছে বলে জানায় কোস্টগার্ড।
 
শরণখোলার ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, দস্যুরা রাজেশ্বরের মৎস্য ব্যবসায়ী মো. জলিল পলানের এফবি আল্লাহ’র দান ট্রলারসহ ট্রলারের মাঝি বাবুল মুন্সী, ট্রলারের মিস্ত্রি সাখাওয়াত হোসেন ও একই গ্রামের আফজাল পহলানের ট্রলারের মাঝি সেলিম পহলানকে অপরণ করে নিয়ে গেছে। এক লাখ টাকা করে প্রত্যেকের মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। অপহৃত অন্য জেলেদের বাড়ি পাথরঘাটা, বাগেরহাট ও স্বরূপকাঠি এলাকার বলে জানিয়েছেন তিনি। 
 
কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার হাসান জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে কচিখালী, সুপতি ও দক্ষিণ জোনের পাথরঘাটা কন্টিনজেন্টের তিনটি টিম রোববার রাত থেকে সুন্দরবনসহ সন্নিহিত এলাকায় অভিযান শুরু করেছে।