ইয়েমেনে আল-কায়েদার হাত থেকে ব্রিটিশ জিম্মিকে উদ্ধার

 
ইয়েমেনে অভিযান চালিয়ে আল-কায়েদার হাতে বন্দী এক ব্রিটিশ জিম্মিকে মুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাতের সেনারা। এ্যাডেন থেকে গত শনিবার ডগলাস রবার্ট সেম্পলকে উদ্ধার করা হয় বলে রবিবার জানিয়েছে ওয়াম ও খালিজ টাইমস।
 
আরব আমিরাতের আবুধাবিতে আনার পর সেম্পলকে গ্রহণ করেছেন দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, সেম্পলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে আনতে সক্ষম হয়েছে আরব আমিরাতের সেনারা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, জিম্মি উদ্ধারের পরপরই শনিবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ফোন দিয়ে জানিয়েছেন আবুধাবির ক্রাউন প্রিন্স ও আরব আমিরাতের সামরিক বাহিনীর ডেপুটি সুপ্রীম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
 
২০১৪ সালের ফেব্রুয়ারিতে হাদরামাউত এলাকা থেকে ৬৪ বছর বয়সী সেম্পলকে জিম্মি করে আল-কায়েদা ইন দ্য এ্যারাবিয়ান পেনিনসুলা’র (একিউএপি) সদস্যরা। সেম্পল সেখানে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে সেম্পলকে মুক্ত করায় সংযুক্ত আরব আমিরাতের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাজ্য সরকার। সূত্র: এএফপি