ঝিনাইদহের শৈলকুপায় বারইপাড়া গ্রামে অজ্ঞাত রোগে দুই ভাই মারা গেছে। তারা হচ্ছে- মাসুম বিল্লাহ ( ১৪ ) ও রবিন ( ১১ )। তাদের বাবা গাফুর মুন্সি। মাসুম গাড়াগঞ্জ হাইস্কুলের ৮ম শ্রেণির ও রবিন প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
গাফুর মুন্সি জানান, রবিবার রাতে খাওয়া শেষে দুই ভাই মায়ের সঙ্গে গল্প করছিল। রাত সাড়ে ১১টার দিকে দুই ছেলে অসুস্থতা বোধ করে। তাদের গলা শুকিয়ে আসছিল। পেটে ব্যাথা শুরু হয়। আস্তে আস্তে তাদের অবস্থা খারাপ হয়ে পড়ে। রাত দেড়টার শৈলকুপা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করেন। তাদের কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বড় ছেলে মাসুম ভোরের দিকে মারা যায়। রবিনকে রাজশাহী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল সাড়ে ১১টার দিকে মারা যায়। তাদের বাড়িতে ফিরিয়ে এনে বিকালে দাফন করা হয়। শৈলকুপা হাসপাতালে খাতায় রোগের নাম ’এ্যাসপেরেশান নিউমোনিয়া’ লেখা আছে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক কোনো পরীক্ষা ছাড়াই রোগের নাম লিখে রাখেন। ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারি প্রফেসর ডা. ফাত্তাহ বলেন, স্বজ্ঞানে কোনো মানুষের এ্যসপেরেশান নিউমোনিয়া হয় না।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এ রোগ খাদ্যে বিষক্রিয়া বলে ধারণা করেন। তবে তিনি বলেন, 'ঢাকা মহাখালীর রোগ নির্ণয় কেন্দ্রে ভিসেরা পরীক্ষা ছাড়া এ রোগ নির্ণয় সম্ভব নয়।'