ল্যান্ডমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনার মৃত্যুর জন্য পিয়ংইয়ং ক্ষমা না চাওয়া পর্যন্ত সীমান্ত থেকে 'উত্তর কোরিয়ার বিরোধী' সম্প্রচার অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই। অপরদিকে সম্প্রচার বন্ধ না করা হলে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পরস্পরবিরোধী এই অবস্থান দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে।
বিষয়টি সুরাহার জন্য রবিবার রাতেও দু’পক্ষের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সীমান্তে সংক্ষিপ্ত গুলিবিনিময়ের পর থেকে দুই পক্ষই সামরিক বাহিনীকে সতর্কাবস্থায় রেখেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এই উস্কানি এবং উত্তেজক পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতে আমাদের একটি পরিষ্কার ক্ষমা প্রার্থনা ও পদক্ষেপ প্রয়োজন। তা না হলে, এই সরকার যথাযথ ব্যবস্থা নিবে এবং জোরেশোরে প্রচারণা চালাবে।’ অপরদিকে ল্যান্ড মাইনে হতাহতের ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার জনগণের উদ্দেশ্যে লাউড স্পিকার সম্প্রচার বন্ধ করতে বল প্রয়োগ করার হুমকিও দিয়েছে পিয়ংইয়ং। সূত্র: বিবিসি