সীমান্তে বিএসএফের গুলিতে আহত হাতির মৃত্যু

 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হালচাটি এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বন্যহাতি মারা গেছে। সোমবার রাতে পুরুষ হাতিটি মারা যায়।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকালে বন্যহাতির দল হালচাটি সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ’র গুলিতে ওই হাতি আহত হয়ে হালচাটি সীমান্তে একশো গজের মধ্যে এসে পড়ে। এ সময় বন্যহাতির দল আহত হাতিকে সরিয়ে নেয়ার জন্য টানা-হেঁচড়া করে ব্যর্থ হয়। রাতে আহত ঐ হাতি মারা যায়।
 
মঙ্গলবার সকালে মৃত হাতি দেখার জন্য এলাকাবাসী সেখানে ভিড় জমায়। পরে বনবিভাগের পক্ষ থেকে হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেয়া হয়।
 
শেরপুরের সহকারী বনসংরক্ষক মমিনুর রশিদ ও নকশী সীমান্ত ফাঁড়ির বিজিবি কোম্পানি কমান্ডার তোফাজ্জল হোসেন জানান, সুরতহালে হাতিটির মাথায় একটি গুলিবিদ্ধ ও পিঠে বলম্বের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।