জাপানের মূল-ভূখণ্ডে টাইফুন গোনি আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার এটি আঘাত হানে। টাইফুনের আঘাতে ১৩ জন আহত হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো এলাকায় শক্তিশালী এই টাইফুন আঘাত হানে।
IMG0
সংস্থাটি জানিয়েছে, দেশটির চারটি প্রধান দ্বীপের অন্যতম কিউশু দ্বীপের সরাসরি উত্তর দিকে গোনি অগ্রসর হচ্ছে। ঘণ্টায় সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার বেগে এটি ধাবিত হচ্ছে। এতে প্রচণ্ড বাতাস, বন্যা ও বড় ধরণের সামুদ্রিক ঢেউ হতে পারে বলে সেখানকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
IMG1
সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে’র খবরে বলা হয়, স্থানীয় সরকার কিউশু ও হুনশু দ্বীপের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক লোক সরিয়ে নেয়ার কথা বলেছে।
ঝড়ের কারণে অধিকাংশ আঞ্চলিক রেল যোগাযোগ এবং স্থানীয় বিভিন্ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। এতে কিছু আন্তর্জাতিক রুটের বিমানও বন্ধ আছে। খবর: এএফপি।