চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার ভোরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেইলারের সংঘর্ষের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ট্রেইলার সরিয়ে এক পাশের লাইন খালি করার পর বেলা ১১টার দিকে আন্তঃনগর সূবর্ণ এক্সপ্রেস ও মহানগর প্রভাতী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় একটি রেলক্রসিংয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। এ ঘটনায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঘটনা তদন্তে বিভাগীয় প্রকৌশলী আবিদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর দুই সদস্য হলেন- বিভাগীয় পরিবহন কর্মকর্তা ইফতেখার ও বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।