তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উস্কানিমূলক কথা বলে জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আমরা জঙ্গিবাদ ও তার নেত্রী খালেদা জিয়াকে এক চুলও ছাড় দেবো না। দলবাজি, দখলবাজি সহ্য করবো না।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাস, দুনীতি প্রতিরোধসহ সুশাসন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ইনু বলেন, বাংলাদেশে দলবাজের কোনো স্থান নেই। আমরা ১৪ দল জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, দখলবাজের বিরুদ্ধে লড়াই করছি। শেখ হাসিনার নেতৃত্বে এ লড়াই চলছে। এ লড়াইকে শেষ পর্যন্ত নিয়ে বাংলাদেশকে মুক্ত করতে হবে। বিজয় অর্জন করতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- শিরীন আখতার, ওবায়দুল হক চুন্নু, ইকবাল হোসেন খান, মো. খালেক, নুরুল আকতার, আফরোজা হক রিনা, শরিফ উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, নুরুন নবী, রোকোনুজ্জামান রোকন, জ্যোতি বিকাশ সিকদার প্রমুখ।