‘দল পুনর্গঠন করে সরকার বিরোধী আন্দোলন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দল পুনর্গঠন করে বড় ধরনের সমাবেশের মাধ্যমে আন্দোলন শুরু করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার আমাদের সভা-সমাবেশ করতে দেয় না। দল পুনর্গঠনেও নানা ভাবে বাধা দিচ্ছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছে। এখনো নতুন নতুন মামলা দেয়া হচ্ছে। সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করে ফেলেছে।’

সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং নেই। তারা লুটপাটে ব্যস্ত রয়েছে। জনগণের দুর্ভোগে সরকারে জবাবদিহিতা নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নন।’

এ সময়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খানসহ মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।