মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার আরো ১২৫ বাংলাদেশিকে পঞ্চম দফায় ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধি দল ঘুমধুম সীমান্ত দিয়ে ১২৫ জনকে ফেরত আনেন।
তাদেরকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাদের চারটি বাসে করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।
এর আগে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধি দল সকাল ১০টা ৪০ মিনিটে বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় যান। বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের তমব্রু টাউন অ্যাডমিনিস্ট্রিশন অফিসে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে বাংলাদেশি হিসেবে সনাক্ত হওয়া ১২৫ জনকে ফেরত দেয়া হয়।
বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান।
মিয়ানমারের ২৩ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্ট পরিচালক ইউ স নাইং।