গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

গাজীপুর মহানগরীর টঙ্গীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম ওরফে রফিক ওরফে রহিজ (৩৫)   ময়মনসিংহের মুক্তাগাছা খানার চেচুয়া বাসুদেবপুর এলাকার বাসিন্দা।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) মো. হারিছউদ্দিন আহমদ জানান,  ২০০৩ সালের ১১ মে দিবাগত রাতে রফিকুল ইসলাম তার স্ত্রী সাহিদা আক্তারকে নিয়ে ভাড়া বাড়িতে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ওই ঘর থেকে তার স্ত্রী সাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করে টঙ্গী থানা পুলিশ। এ সময় নিহতের স্বামী রফিকুল বাসায় ছিলেন না। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করে এবং রফিককে আটক করে। মরদেহ ময়না তদন্তের পর জানা যায় সাহিদা আক্তার আঘাতজনিত কারণে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুলকে অভিযুক্ত করে ২০০৩ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে।
 
দীর্ঘ শুনানিতে ছয়জনের স্বাক্ষ্যগ্রহণ করে আদালত এ রায় দেয়। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন  অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।