সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ও তার ভাই শামীমের মালামাল ক্রোক করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার বেলা দুইটার দিকে সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শেখপাড়া গ্রামে তাদের বাড়ি থেকে মালামাল জব্দ করে জালালাবাদ থানা পুলিশ ।
জব্দকৃত মালামালের মধ্যে সোফা, খাট, লেপ-তোষক, আসবাবপত্রসহ তাদের ব্যবহূত বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সাহেদুল করিম পলাতক কামরুল, শামীম ও পাভেলের মালামাল ক্রোকের আদেশ দেন।
ওসি আখতার হোসেন জানান, আদেশ পাওয়ার পর কামরুল ও শামীমের মালামাল ক্রোক করা হয়েছে। পাভেলের মালামালও ক্রোক করা হবে।
রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার গত ১৬ আগস্ট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম এবং তার ভাই শামীম আহমদ ও আরেক আসামি পাভেলকে পলাতক দেখানো হয়।
গত ৮ জুলাই ভোরে ‘চোর’ সন্দেহে নির্মমভাবে পিটিয়ে ১৩ বছরের শিশু রাজনকে হত্যা করা হয়।
খবর বাসসের।