গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস বাজার এলাকায় তিনটি দোকান থেকে ৪০০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রামমাণ আদালত। এ সময় ওই তিন দোকান মালিকদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া জানান, মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে ভ্রামমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সামছুল হক স্টোর, পিয়াস স্টোর ও শরীফুল হক স্টোর থেকে প্রায় ৪০০ কেজি পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়। পরে এসব দোকানের প্রত্যেক মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।