নেপালে সংবিধানবিরোধীদের সাথে পুলিশের সংঘর্ষ

 
নেপালে নতুন সংবিধানের খসড়ার বিরুদ্ধে সহিংস বিক্ষোভে সাত পুলিশ ও দেড় বছরের এক শিশু নিহত হওয়ার একদিন পর আজ মঙ্গলবার দেশের পশ্চিমাঞ্চলে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের সাথে সংঘর্ষ ও ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
 
কাঠমান্ডুর ৪২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত টিকাপুর শহরে কারফিউ উপেক্ষা করে কয়েকশ’ বিক্ষোভকারী অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।
 
টিকাপুর পুলিশের উপ-পরিদর্শক ধন বাহাদুর কাঠায়াত বলেন, ‘আজ কারফিউ অমান্যকারী কয়েকটি গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়েছে।’ কাঠায়াত এএফপিকে বলেন, ‘তারা কয়েকটি বাড়িঘরে আগুন দিয়েছে, তবে আমাদের টিম আগুন নিভিয়ে ফেলেছে।’
 
পুলিশ জানায়, সোমবারের সহিংসতার মাত্রায় তারা বিস্মিত হয়েছেন। সহিংসতা ঠেকাতে সোমবার ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়েছিল। নেপালের আইন প্রণেতারা নতুন সংবিধান নিয়ে সমঝোতায় উপনীত হওয়ার পর থেকে দেশটির কয়েকটি অংশে বিক্ষোভ দানা বাধতে শুরু করে।
 
নেপালে সশস্ত্র মাওবাদী আন্দোলন প্রশমনের দুই বছর পর ২০০৮ সালে নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়। নতুন সংবিধানের খসড়ায় দেশকে সাতটি প্রদেশে বিভক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা প্রান্তিক জনগোষ্ঠীগুলোকে বিক্ষুব্ধ করেছে। তাদের বক্তব্য নতুন সীমানা তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ সীমিত করবে।
 
ভারতের সীমান্তে বসবাসরত নৃ-গোষ্ঠীর লোকজন বিক্ষোভ আয়োজন করলে সর্বশেষ এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।