ভোটার তালিকাভূক্ত হয়েও জাতীয় পরিচয়পত্র হাতে না থাকায় ৪৭ লাখ ভোটারকে নাগরিককে ‘প্রভিশনাল এনআইডি’ ব্যবহারের সুযোগ দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে অনুমোদন পেলেই শিগগির তা কার্যকর করবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সাময়িক জাতীয় পরিচয়পত্র ব্যবহারের বিষয়ে মতামত ও সিদ্ধান্ত নেয়ার জন্য আগামী কমিশন বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
১ সেপ্টেম্বর থেকে দুই শ টাকা থেকে এক হাজার টাকার ফি দিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন, হারানো পরিচয়পত্রের ডুপিকেট সংগ্রহসহ আনুষাঙ্গিক সেবা নিতে হবে। দেশের ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের মধ্যে ৪৭ লাখের মতো নাগরিকের হাতে কোনো জাতীয় পরিচয়পত্র নেই। এ অর্ধকোটি (প্রায়) নাগরিক গত দুবছরে ভোটার তালিকাভূক্ত হয়েছিল।
৯ কোটিরও বেশি নাগরিকের হাতে থাকা লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ফিরিয়ে নিয়ে শিগগির উন্নতমানের স্মার্ট এনআইডি দেয়ার কথাও রয়েছে। আগামী বছরের জুনের মধ্যে এসব নাগরিকের হাতে স্মার্টকার্ড দেয়ার ঘোষণা দিয়েছে ইসি।
এ অবস্থায় নাগরিক দুর্ভোগ-হয়রানি রোধ ও সেবার বিকেন্দ্রীকরণ করার উদ্যোগের কথা জানিয়েছেন এনআইডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দীন। তিনি বলেন, ৪৭ লাখের কাছে জাতীয় পরিচয়পত্র নেই। তাদের যে কোনো জরুরি কাজে আমরা প্রভিশনাল এনআইডি দেয়ার পরিকল্পনা নিচ্ছি। যাতে করে তারা অনলাইন লগ-ইন করে নির্ধারিত পরিচিতি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। এটা প্রিন্ট করে সাময়িক জাতীয় পরিচয়পত্র হিসেবে ব্যবহার করবে। এক পৃষ্ঠার প্রিন্টভার্সনে কার্ডের ওপর ভাগে সাময়িক জাতীয় পরিচয়পত্র, নাম, পিতা, মাতা, জন্মতারিখ, ঠিকানা ও যন্ত্রে পাঠযোগ্য বারকোড থাকবে। মাত্র এক বছরের জন্য এ ‘প্রভিশনাল এনআইডি’ ব্যবহার করা যাবে।
এনআইডি মহাপরিচালক জানান, ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার নির্ধারিত রশিদে ফরম নম্বর ব্যবহার করেই এ সেবা নিতে পারবে জাতীয় পরিচয়পত্র বঞ্চিত যে কোনো নাগরিক। এ জন্যে কোনো ফি লাগবে না।
‘পার্মানেন্ট এনআইডি (স্মার্টকার্ড) না পাওয়া পর্যন্ত প্রভিশনাল এনআইডি ব্যবহারের সুযোগ থাকবে। কমিশন অনুমোদন দিলেই এ অনলাইন সার্ভিস আমরা ওপেন করে দিব। তবে যাদের হাতে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা অনলাইনে ‘সাময়িক পরিচয়পত্র’ সংগ্রহ করার সুযোগ পাবে না।
বর্তমানে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। এতে নতুন ৭২ লাখ ভোটারযুক্ত হবে। তারা কবে নাগাদ জাতীয় পরিচয়পত্র পাবে তা এখনো ঘোষণা দেয় নি ইসি।
এ বিষয়ে এনআইডির মহাপরিচালক বলেন, এখন যারা নতুন ভোটার হচ্ছে, কিন্তু পরিচয়পত্র দরকার পড়ছে অনেকের; সঙ্গে সঙ্গে তারা অনলাইন ভেরিফিকেশন হয়ে প্রভিশনাল এনআইডি নিতে পারবে।
ইসি কর্মকর্তারা জানান, যন্ত্রে পাঠযোগ্য সাময়িক এ জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যাংক একাউন্ট, ভর্তিসহ প্রয়োজনীয় কাজে ব্যবহারের সুযোগ পাবে।
এনআইডির মহাপরিচালক আরো বলেন, যাদের হাতে জাতীয় পরিচয়পত্র রয়েছে তাদের তথ্য অনলাইনে থাকবে না। তথ্য সংশোধন, ঠিকানা স্থানান্তর, হারানো বা নষ্ট কার্ডের ডুপিকেট সংগ্রহ করতে হলে তাদের ফি দিয়ে সেবা নিতে হবে। সাময়িক জাতীয় পরিচয়পত্র ব্যবহারের বিষয়টি ইসির অনুমোদন পেলেই দ্রুত প্রচারণা চালাবে কমিশন।