লক্ষ্মীপুরের রায়পুরে পাইল্ট বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাশ চলাকালে হঠাৎ জ্ঞান হারিয়ে ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থরা সকলেই ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এদের মধ্যে তনিমা আক্তার, স্ববর্ণা, নাভিলা, রাবেয়া, তাসমিম, রাবিনা ও পারভিনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১২ টার দিকে ক্লাশ চলাকালে ঐ ছাত্রীরা হঠাৎ অসুস্থ পড়ে। এ ঘটনায় শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর কাদের বলেন, সম্ভবত শারীরিক দুর্বলতার কারণে হঠাৎ কয়েক ছাত্রী জ্ঞান হারিয়ে মাঠিতে লুঠে পড়ে। এ সময় অন্য ছাত্রীরা তা দেখে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি শান্ত রাখতে ওই ক্লাশ বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার রাশেদুর নবী বলেন, হঠাৎ করে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়তে দেখে অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। এটি একটি মাস সাইকোজনিক ইলনেস বা গণমানসিক ভয়ভীতিজনিত রোগ বলে ধারণা করা হয়। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাদের চিকিৎসা চলছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূইয়া বলেন, ছাত্রীদের অসুস্থের খবর পেয়ে ওই বিদ্যালয় পুলিশ পাঠানো হয়েছে। অন্য কোন কারণে এটি হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য এর আগে গত বছরের ২৭ আগস্ট ওই বিদ্যালয়ের ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির ১০ ছাত্রী একই অবস্থায় জ্ঞান হারিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়।