পাবনা সাঁথিয়ায় অপহরণের নাটক সাজিয়ে করমজা চতুর হাটে তিনজনকে পিটিয়ে হত্যা ঘটনায় অজ্ঞাত তিন হাজার জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আলাউদ্দিনের ছোট ভাই রানা শেখ বাদী হয়ে মামলাটি করেছেন।
বুধবার পুলিশ জানিয়েছে, নিহতদের পকেটে থাকা চিকিত্সাপত্র ও মোবাইল সিম থেকে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাটোরের আলাউদ্দিন, পাবনার আবু বক্কার ও দিনাজপুরের আসলাম।
নিহত বক্কারের স্ত্রী বছিরন (৪০) ও আসলামের ছেলে আফজাল (২২) জানান, নিহতরা পরস্পর আত্মীয়। তারা গরু ও পিঁয়াজের ব্যবসা করতেন। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে তাদের ধারণা।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নাটোর সদর উপজেলার ৪নং লক্ষ্মীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, নিহত আলাউদ্দিন একজন ব্যবসায়ী এবং সাবেক মেম্বার।
করমজা চতুরহাট এলাকায় সরেজমিন বিভিন্ন লোকের সাথে আলোচনা ও তথ্যানুসন্ধানে জানা যায়, গরু ব্যবসার সাথে জড়িত করমজা হাট এলাকার একটি সিন্ডিকেট আর্থিক লেন-দেনের দ্বন্দ্বের জেরে ছেলে ধরা নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) এস এম আবুল কাশেম আজাদ জানান, ছেলে ধরা আতঙ্ক ছড়িয়ে তাদের হত্যা করা হলেও এর পিছনে অন্য কোন কারণ থাকতে পারে। তবে এরা কোন অপরাধ জগতের সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।