বুড়িগঙ্গাসহ ঢাকার চার নদীতীরে অবৈধভাবে গড়েওঠা ৪৩টি অবৈধ ধর্মীয় স্থাপনা অপসারণে একটি শক্তিশালী কমিটি গঠন করেছে সরকার।
কমিটিকে তদন্ত করে এক মাসের মধ্যে নৌমন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির আরিফ মাহমুদকে প্রধান করে ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। তবে কমিটিতে আরো সদস্য যুক্ত হতে পারেন।
অবৈধ স্থাপনা চিহ্নিত এবং অপসারণ ও স্থানান্তরের ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।