যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সরাসরি সম্প্রচার চলাকালে দুজন টেলিভিশন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সেসময় একজনের সাক্ষাতকার নিচ্ছিলেন ওই দুই সাংবাদিক। টিভি চ্যানেলটি তাদের দুই সাংবাদিক নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে। খবর- বিবিসির।
ভার্জিনিয়ার বেডফোর্ড কাউন্টিতে এক জনের সাক্ষাতকার নিচ্ছিলেন টিভি রিপোর্টার অ্যালিসন পার্কার (২৪) ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড (২৭)। এসময় তাদেরকে লক্ষ্য করে পাশ থেকেই গুলি চালানো হয়। টেলিভিশনে গুলি চালানোর শব্দও শোনা যায়।
গুলি থেকে বাঁচতে এলিসন পার্কার ও যার সাক্ষাতকার নেয়া হচ্ছিল তাকে দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত ও হামলাকারীকে ধরার চেষ্টা করছে। তারা আরো জানায়, যে ব্যক্তির সাক্ষাতকার নেয়া হচ্ছিল তিনি বেঁচে গেছেন।
টেলিভিশন চ্যানেলটিতে প্রচারিত খবরে জানানো হয়েছে, 'গুলি চালানোর ঘটনার কিছুক্ষণ পরই অ্যালিসন ও অ্যাডাম মারা যায়। কি কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে আমাদের কোন ধারনা নেই।'