রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে পাওনা টাকা চাওয়ায় শাহ আলম (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দেনাদার। নিহত শাহ আলম একজন সার্টার মিস্ত্রি। বুধবার সকাল সাড়ে আটটার দিকে মীরহাজীরবাগের ইজ্জত গলির মেডিবাংলা হাসপাতালের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের স্ত্রী পারভীন আক্তার জানান, ৭-৮ মাস ধরে বাহার (২৫) ও রয়েল (১৭) নামে দুই যুবক তাদের বাসায় সাবলেট থাকছিলেন। তারা তাদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। বাহার অনাবিল পরিবহনের বাসের হেলপার হিসেবে কাজ করেন। বেশ কিছু দিন ধরে বাহার খাবারের টাকা পরিশোধ করেননি। মঙ্গলবার রাতে তার স্বামী শাহ আলম টাকা চায়। এ নিয়ে তখন তার স্বামীর সঙ্গে বাহারের কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে ঘরে ঘুমিয়ে থাকার সময় তার স্বামীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান বাহার। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বেলা ১১টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। শাহ আলম মাদারীপুর জেলার রাজইর উপজেলার ইশদপুরের মৃত আকাব্বর মিয়ার ছেলে।
যাত্রাবাড়ী থানার এসআই কাজী জসিম উদ্দিন জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। পলাতক বাহার ও রয়েলকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।