১০০ মিটারের পর এবার ২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে লড়বেন সময়ের সবচেয়ে আলোচিত দুই অ্যাথলেট উসাইন বোল্ট এবং জাস্টিন গ্যাটলিন। বুধবার হিটের সেমিফাইনালে অনায়াস জয় নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন দু’জনই।
চলতি মৌসুমে স্প্রিন্টের দুই ইভেন্টেই অন্য সবার চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে আছেন গ্যাটলিন। তবে লড়াইয়ের মঞ্চটা যখন বিশ্ব চ্যাম্পিয়নশিপ, তখনই উল্টে গেল সব হিসাব। সেকেন্ডের একশো ভাগের একভাগে গ্যাটলিনকে হারিয়ে একশো মিটারের ফাইনালে জেতেন বোল্ট। একই সাথে ২০০ মিটারে যোগ করেন বাড়তি উত্তেজনাও।
সেমিফাইনালের দ্বিতীয় হিটে ১৯.৮৭ সেকেন্ড সময় নিয়ে অন্য সবাইকে পেছনে ফেলেন গ্যাটলিন। প্রথম ১৫০ মিটারের মধ্যেই অন্য সবাইকে এতটাই পেছনে ফেলেন যে, শেষ ৫০ মিটার অনেকটা আস্তেই শেষ করেন এই আমেরিকান।
প্রায় একই অবস্থা ছিলো বোল্টের ক্ষেত্রেও। অর্ধেকটা শেষ হওয়ার আগেই শীর্ষে উঠে যাওয়া বোল্ট বাকি ১০০ মিটার দৌড়ান নিজের পুরো শক্তি খরচ না করেই। তারপরও নিজের মৌসুম সেরা পারফরম্যান্সে দৌড় শেষ করেন ১৯.৯৬ সেকেন্ডে।