‘আন্দোলন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই’

 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকার নানা কৌশল অবলম্বন করে বিএনপির স্বাভাবিক ও গণতান্ত্রিক রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র আজ নির্বাসিত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই।’
 
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার বিকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার বিএনপির গণতান্ত্রিক আন্দোলন ও রাজপথের কর্মসূচি পালনে বাধা সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে দেশে কোনো গণতান্ত্রিক রাজনীতি থাকবে না।’
 
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলন হবে জনগণের আন্দোলন। কারণ, বর্তমান আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের নামে জনগণের সাথে রসিকতা শুরু করেছে।’
 
সরকারকে উদ্দেশ করে নজরুল ইসলাম খান  বলেন, ‘গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করুন। গ্রেফতারকৃত বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির ব্যবস্থা করুন। অন্যথায় দেশে গণতান্ত্রিক রাজনীতির ধারা ব্যাহত হবে।’
 
সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর প্রমুখ।