ঢামেকে চিকিৎসকের কক্ষে বোমা!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি পেট্রোলবোমা ও ককটেল পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ডা. দেবেশ চন্দ্র সেনের কক্ষে লাল স্কসটেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু এবং একটি কাচের বোতল দেখতে পায় এমএলএসএস কর্মীরা। খবর পেয়ে পুলিশ বহির্বিভাগের দ্বিতীয় তলার এ কক্ষ থেকে বস্তুগুলো উদ্ধার করে। পরীক্ষার পর একটি পেট্রোলবোমা এবং অন্যটি ককটেল বলে নিশ্চিত করে পুলিশ।
 
এমএলএসএস জসিম উদ্দিন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকালে দরজার তালা খুলে বিভিন্ন কক্ষে প্রবেশ করেন। আরেক সহকর্মী দীপালি ডা. দেবেশের কক্ষে যান। এসি, ফ্যান ছাড়ার সময় মেঝেতে ওই সব বস্তু দেখতে পান। এরপর বিষয়টি সবাইকে জানানো হয়।
 
সিআইডির এসআই আব্দুল কাদের (বোমা ডিসপোজাল) বলেন, 'উদ্ধারকৃত বস্তুর মধ্যে একটি ককটেল এবং অন্যটি পেট্রোলবোমা ছিল। এগুলো নিস্ক্রিয় করে সিআইডিতে নিয়ে যাওয়া হয়েছে।'
 
শাহবাগ থানা পুলিশকে খবর দেয়া হলে এসআই সিরাজুল ইসলাম এসে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সকালে কারা কক্ষ খোলেন এবং রাতে কারা কক্ষ বন্ধ করেন তাদের নাম ঠিকানা সংগ্রহ করে খোজঁ খবর নেয়া হচ্ছে।