ফরিদপুরের চরভদ্রাসনে সোনা মিয়া (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি বি এস ডাঙ্গী নিবাসী শেখ সোবানের ছেলে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ ৮বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। গত এক মাস আগে পাবনা মানসিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। দীর্ঘদিন ধরে তার মা রাত জেগে অসুস্থ ছেলের খেয়াল রাখতেন। বুধবার রাত ১২টার সময় তিনি তাকে তার ঘরে রেখে আসেন। রাত তিনটার দিকে ছেলেকে দেখতে গেলে তাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে দেখেন মা। পরে মায়ের চিৎকারে পরিবারের লোকজন এসে ছেলেটিকে মৃত অবস্থায় দেখতে পায়।
চরভদ্রাসন থানার এ এস আই মনিরুজ্জামান বলেন, 'ছেলেটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় পরিবার ও স্থানীয় লোকজনের কোনো আপত্তি না থাকায় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সহায়তায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা নথিভূক্ত হয়েছে।