লহ্মীপুরের সোনাপুরে মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্রীকে তুলে নিয়ে ব্লেড দিয়ে কেটে ক্ষত-বিক্ষত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকালে পার্বতীনগর ইউনিয়নের আহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে লহ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
স্থানীরা জানায়, ওই ছাত্রী মাদ্রাসায় আসার পথে পোদ্দার বাড়ি এলাকায় পৌঁছলে ওৎ পেতে সন্ত্রাসীরা তাকে মুখ চেপে ধরে পাশের একটি বাগানে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা তার হাত-পা বেধে শারীরিক নির্যাতন করে। পরে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে ক্ষত-বিক্ষত করে ফেলে রেখে যায়। দুপুরের দিকে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি বাগানে কান্নার শব্দ শুনে অন্যান্য ছাত্রীরা ছুটে যায়। সেখানে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে মাদ্রাসা সুপারসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে লহ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
পারিবারিক বিরোধের জেরে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।