মেহেরপুরের গাংনীতে শরিফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মানবপাচারের অভিযোগে বৃহস্পতিবার ভোরে উপজেলার বালিয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শরিফুল বালিয়াঘাট গ্রামের আবুল হোসেনের ছেলে।
গাংনী থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই নাসির উদ্দীন জানান, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিলেন।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, শরিফুল দীর্ঘদিন পলাতক ছিলেন। সে নিজ এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শরিফুলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, গত ৮ জুন মানবপাচারের অভিযোগে করমদী গ্রামের ফরমান আলীর ছেলে বাবলু রহমান শরিফুলের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেন।