ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদিতে বৃহস্পতিবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন। সামরিক বাহিনীর একজন মুখপাত্র দুই জেনারেল নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। খবর- এএফপির।
সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল বলেন, আত্মঘাতী হামলায় আনবার অপারেশন কমান্ডের উপ-প্রধান স্টাফ মেজর জেনারেল আব্দুল রাহমান আবু রাঘিব এবং দশম ডিভিশন কমান্ডার স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল সাফিন আব্দুল মজিদ নিহত হন। হামলায় আরো তিন জন নিহত হওয়ার কথা জানিয়েছে বিবিসি।
রাসুল জানান, রামাদির উত্তরে আল-জারাইশি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, সরকারপন্থী বাহিনী এক বছরেরও বেশী সময় ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পর গত মে মাসে ইসলামিক স্টেট জিহাদি গ্রুপ রামাদি নগরী দখল করে নেয়।
সরকারি বাহিনী বাগদাদের উত্তরাঞ্চলীয় দু’টি প্রদেশের অধিকাংশ এলাকার পুনরায় নিয়ন্ত্রণ নিতে পারলেও আনবার প্রদেশসহ ইরাকের পশ্চিমাঞ্চল এখনো সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।