জয়পুরহাটে বাল্য বিয়ের দায়ে ১১ জনের সাজা

 
জয়পুরহাটের আক্কেলপুরে বাল্য বিয়ে দেয়ার অপরাধে বর-কনের পিতা, বিয়ের স্বাক্ষী ও কাজীসহ ১১ জনকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ বৃহষ্পতিবার আদালত পরিচালনা করেন।
 
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পূর্ব মাতাপুর গ্রামের কনের বাবা আব্দুর রশিদ, বর আশরাফুল ইসলাম, কাজীর সহকারী ইদ্রিস আলী, ঘটোক রিকু ও স্বাক্ষী আব্দুল মোমিনকে এক মাসের কারাদণ্ড ও বিয়ে প্রদানে উদ্বুদ্ধ করার দায়ে মিজান নামে এক প্রতিবেশীর দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
 
এ ছাড়াও  বিয়ের স্বাক্ষী ও কনের চাচা শামীম হোসেন, বিয়ের কাজী এনামুল হক, বিয়ের উকিল সবুজ, আব্দুল গাফ্ফার ও বিয়ের অপর স্বাক্ষী নুরন্নবীর ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
 
পুলিশ সূত্র জানায়, পূর্বমাতাপুর গ্রামের আব্দুর রশিদের কন্যা ও স্থানীয় ইসমাইলপুর মাদরাসার ৫ম শ্রেণীর ছাত্রীর সাথে একই এলাকার ৩২ বছরের যুবক আশরাফুলের তৃতীয়বারের মতো বিয়ে দেয়া হয় মঙ্গলবার রাতে। আক্কেলপুর থানা পুলিশ এ খবর পেয়ে বুধবার রাতের মধ্যে সাজাপ্রাপ্তদের আটক করে। দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপরোক্ত সাজা দেয়া হয়।