নন্দীগ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১

পোস্টার টানানো নিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল মার্কার সমর্থক আলম হোসেন (৩০) আহত হয়েছেন।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি ও মোটরসাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামরুল জানান, ধুন্দার বাজারে আমার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল মার্কার পোস্টার নিয়ে গণসংযোগ করার জন্য প্রস্তুতি নেয়। এ সময় নৌকার সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে আমার কর্মী আলম হোসেন আহত হয়েছে।

এ দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী রেজাউল আশরাফ জিন্নাহ বলেন, মোটরসাইকেল মার্কার সমর্থকরা নৌকা মার্কার পোস্টারের উপর মোটরসাসইকেল মার্কার পোস্টার লাগায়। এ সময় নৌকার সমর্থকরা তাদের পোস্টার লাগাতে নিষেধ করলে মোটরসাইকেল সমর্থকরা ক্ষিপ্ত হয়ে আমার কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়ে মারপিট করে।

আরো পড়ুন: পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পেটালেন হিরো আলম

তিনি আরো জানান, নৌকা মার্কার অফিসের সামনেই মোটরসাইকেল মার্কার পোস্টার টানানো হয়েছে। এছড়া গত কয়েক দিনপূর্বে মোটরসাইকেল কর্মীরা আমার এক কর্মীকে মারধর করেছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন ইত্তেফাককে জানান, ‘দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্য সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ কোন  অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/বিএএফ