সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। ১৭টি জেলায় এই লিখিত পরীক্ষা দুপুর ৩টা থেকে বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা ডিজিটাল পদ্ধতিতে প্রণীত প্রশ্নপত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে।
যেসব জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে– জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, ভোলা ও পঞ্চগড়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে বৈধ সকল প্রার্থীর পরীক্ষা সংক্রান্ত তথ্য মোবাইলের মাধ্যমে পাঠানো হয়েছে। এছাড়া অনলাইনের মাধ্যমে (http://dpe. teletalk.com.bd) প্রবেশপত্র ডাউনলোডের ব্যবস্থা করা হয়েছে। ওএমআর শীট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
অন্যান্য জেলার পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে। এসকল জেলার পরীক্ষার তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া আজ বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৪১ হাজার ২০৩ জন, বিভাগীয় শহরগুলোতে সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।