নাঙ্গলকোটে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদের দানবাক্স চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার জোড্ডা ইউনিয়নের মানিক মুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৮ বছর।

ঐ মসজিদ কমিটির সভাপতি সামছুদ্দিন ভূঁইয়া জানান, বেশ কিছু দিন ধরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চোরে নিয়ে যায়। এতে মসজিদের মুসলি­রা ক্ষুব্ধ হয়ে উঠে এবং পাহারার সিদ্ধান্ত নেয়। আজ ভোর ৪টার দিকে ৩/৪জনের একটি দল মসজিদের দুটি দানবাক্স ভাঙ্গার পর আরো একটি বাক্স ভাঙ্গার চেষ্টা করছিল। মসজিদের পাহাদার বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ও মসজিদের মুসলি­রা ছুটে আসে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও একজনকে ধরে জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) শেখ সালাহ উদ্দিন আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।