লক্ষীপুরে পণ্যবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবুল শিকদার (৩২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালক কবির হোসেন ও হেলপার মঞ্জু গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে চন্দ্রগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ভোলা সদর উপজেলার হাজারীবাগের ব্যবসায়ী।
আহতদের লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চালক মো. কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ন কবির জানায়, চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপভ্যান ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি ধুমড়ে মুচড়ে যায়। পিকআপভ্যানটি আটক করা হয়েছে।