জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলি, নিহত ৩

 
যুদ্ধবিরতি ভেঙে ভারতের জম্মু ও কাশ্মীরের আরএস পুরায় গুলি ছুড়েছে পাকিস্তানি সেনাবাহিনী। শুক্রবার সকালে ছোড়া গুলিতে এক নারীসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১৬ জন আহত হয়েছেন।
 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জম্মুর আরএস পুরায় গুলিবর্ষণ ও মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
 
পাকিস্তানের পক্ষ থেকে এখনো সেখানে মর্টার হামলা চালানো হচ্ছে। এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হামলার জবাব দিচ্ছে।
 
ভারতের সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের নওগাম এলাকায় পাকিস্তানের সেনাদের হামলায় ভারতের এক সেনা কর্মকর্তা নিহত হন।
 
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিএসএফের মর্টার হামলায় পাকিস্তানের সাতজন বেসামরিক নাগরিক নিহত ও কয়েকজন আহত হয়েছেন।