মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় সাদ্দাম হোসেন বাবুল (৩২) নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ।
শুক্রবার সকালে মধ্যম মায়ানী এলাকার আবুল কালামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কবির আহম্মদ নিজামী বলেন, বুধবার রাত থেকে সাদ্দামকে পাওয়া যাচ্ছেনা। শুক্রবার সকালে যাওয়ার পথে পুকুরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী আমাকে অবহিত করে। এরপর আমি থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। সাদ্দাম হোসেনের নিজ বাড়ি খুলনা বিভাগের রাজাপুর উপজেলায়। পূর্ব মায়ানী এলাকার হাজি ভূঁইয়া বাড়িতে বিয়ে করার কারণে বিগত ৮ বছর ধরে এখানে বসবাস করছেন তিনি।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল রির্পোটে দেখা যায়, লাশের ডান চোখের পাশে আঘাতের চিহৃ রয়েছে।