কাজী জাফরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন সংসদ ভবনের সিনিয়র ইমাম আবু নাঈম মোহাম্মদ ইব্রাহিম।
 
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আজম খান, জাতীয় পার্টির একাংশের মহাসচিব হায়দার আলম প্রমুখ। 
 
এখান থেকে মরদেহ গুলশানের বাস ভবনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। পরে সেখান থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আনা হবে। এখানে বাদ জুমা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
 
এর আগে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের প্রথম জানাজার নামাজ ইজতেমা ময়দান সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয়।
 
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাজী জাফর। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।