ঝিনাইদহের কবিরপুরে আয়েশা প্রাইভেট হাসপাতালে অপচিকিৎসায় হিটলার ( ১৮ ) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার সকালে মারা যান তিনি। হিটলার শেখরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, ২২আগষ্ট মৃত হিটলার শৈলকুপা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। সেখান থেকে এক দালাল তাকে হাসপাতালের পাশের অন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করে। ২৫আগষ্ট আরেক দালাল হিটলারকে ভাগিয়ে নিয়ে আয়েশা প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। ওই দিনেই কালীগঞ্জ থেকে আসা আসলাম নামে এক চিকিৎসক তার অ্যাপেনডিস অপারেশন করে চলে যান।
এ হাসপাতালে তাকে সেবা দেয়ার জন্য কোনো চিকিৎসক ও নার্স ছিল না। এক রকম বিনা চিকিৎসায় ৩দিন পর শুক্রবার ভোরে তিনি মারা যান। রোগীর মৃত্যুর পর হাসপাতালের মালিক সাইদুর রহমান, আয়া ও অন্য কর্মচারীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মামলা দায়ের হবে বলে জানান ওসি। তিনি আরো জানান, কয়েক মাস আগে একই হাসপাতালে অপচিকিৎসায় এক প্রসুতির মৃত্যু হয়। প্রসুতির এক স্বজন দুই চিকিৎসক ও হাসপাতালের মালিক সাইদুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলা এখন বিচারাধীন আছে।