চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ যুবক আটক

 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক আদিনা কলেজ মোড় এলাকা থেকে শুক্রবার বিকালে ২টি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে র‍্যাব। আটককৃত যুবকের নাম বেনজীর আলী (২৫)। সে মনাকষা ইউনিয়নের সাহাপড়া (ছয়ঘরিয়া) গ্রামের নুহু উদ্দিনের ছেলে।
 
র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল শুক্রবার বিকাল সোয়া তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার দাদনচক আদিনা কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ২টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী বেনজীর আলী কে হাতেনাতে আটক করে।
 
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।