জয়পুরহাটে নিয়োগের প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ২

 
জয়পুরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে উত্তর লেখার সময় হাতে নাতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
আটককৃতরা হলেন হচ্ছেন কবিরুল ইসলাম ও আবু কাহার। কবিরুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোনাইগাছী গ্রামের আকবর হোসেনের ছেলে এবং আবু কাহার (২৬) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের শাহারুল ইসলামের ছেলে। আবু কাহার জয়পুরহাট সরকারি কলেজের দর্শন ৪র্থ বর্ষের ছাত্র।
 
জেলা শহরের প্রফেসর পাড়ার আব্দুল আজিজের ভাড়া দেয়া বাসা থেকে এই দুজনকে আটক করা হয়। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, আজ শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে প্রশ্ন ফাঁস করে উত্তর লেখা হচ্ছে এমন খবর পেয়ে জয়পুরহাট থানা পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালায়। এ সময় প্রশ্নের ফটোকপি, একটি উত্তর পত্র, ৫টি মোবাইল সেট সহ তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।
 
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে ১০ হাজার টাকার চুক্তির বিনিময়ে প্রশ্নের উত্তর লেখার কাজ করছিলেন তারা। এ ব্যাপারে জয়পুরহাট থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
উল্লেখ্য, সহকারী শিক্ষক পদের পরীক্ষার জন্য জেলায় ১২ টি পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ৭ শ ১৪ জন অংশগ্রহণকারী ছিলেন।